টিপু হত্যার পরিকল্পনায় অংশ নেওয়া দামাল রিমান্ডে

রাজধানীর শাহজাহানপুরে গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলায় সন্দেহভাজন ‘আসামি’ আরফান উল্লাহ দামালকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অস্ত্র মামলায় তাকে রিমান্ড মঞ্জুর করা হয়।

মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. শওকত আলী রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (১ এপ্রিল) মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ দামালকে আদালতে হাজির করে অস্ত্র আইনে মতিঝিল থানায় করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তার এক দিনের রিমান্ডের আদেশ দেন।

এরআগে আরফানউল্লাহ দামালকে অস্ত্রসহ গ্রেপ্তার করে ডিএমপির ডিবি মতিঝিল বিভাগ।

ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত মোহাম্মদ শামীম বলেন, ‘টিপু হত্যা পরিকল্পনার একটি বৈঠক হয় কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রূপালী সমাজ নামে একটি উন্নয়ন সংস্থার অফিসে। সেই গোপন বৈঠকে দামালসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। দামালকে স্থানীয় যুবলীগ নেতা বলে সবাই চেনেন।’

উল্লেখ্য, গত ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনী কাঁচা বাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি। টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

মামলা দায়েরের পর ২৬ মার্চ রাতে বগুড়া থেকে শ্যুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে গ্রেপ্তার করে ডিবি। ২৮ মার্চ তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে মাসুম রিমান্ডে রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.