আত্মসমর্পণ করে জামিন পেলেন তাহসান

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান জামিন পেয়েছেন।

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরীর আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এদিন হাইকোর্টের দেওয়া ছয় সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় তাহসান আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে ২০ জানুয়ারি বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ তার ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

২০২১ সালের ৪ ডিসেম্বর রাজধানীর ধানমণ্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন।

সাদ স্যাম রহমান তার অভিযোগে উল্লেখ করেন, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও এতে সহায়তা করা হয়েছে। আত্মসাৎ করা টাকার পরিমাণ তিন লাখ ১৮ হাজার, যা তিনি এখনো উদ্ধার করতে পারেননি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। এসব তারকার কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.