বান্দরবানে সন্ত্রাসীদের হামলায় এক সেনা সদস্য ও তিন সন্ত্রাসী নিহত: আইএসপিআর

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সেনাবাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। এছাড়া সন্ত্রাসী গ্রুপের তিন সদস্য নিহত হয়েছেন। নিহত হওয়া সন্ত্রাসীরা জেএসএস গ্রুপের সদস্য।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল ইসলাম খান এই তথ্য জানিয়েছেন।

আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় সেনাবাহিনীর অন্য একজন সদস্য আহত হয়েছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃতে ১১ সদস্যের একটি দল রুমা জোনের আওতায় জেইংগা পাড়ায় এবং সেফ পাড়া এলাকায় পরিদর্শনে যান। এ সময় তাদের ওপর জেএসএস সশস্ত্র দল হামলা চালায়। এতে সিনিয়র অফিসার হাবিবুর রহমানের মাথায় এবং সৈনিক ফিরোজ হোসেনের পায়ে গুলি লাগে। আত্মরক্ষার্থে সেনাবাহিনীর সদস্যরা গুলি চালালে জেএসএস এর তিন সদস্য নিহত ও একজন আহত হন। আহত সেনাসদস্য ফিরোজ বর্তমানে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত ১টি এসএমজি, ২৪৯ রাউন্ড তাজা গুলি, ৩টি এম্যোনিশন ম্যাগাজিন, ৩টি গাদা বন্দুক, গাদা বন্দুকের ৫ রাউন্ড গুলি, ৪ জোড়া ইউনিফর্ম এবং নগদ ৫২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

রুমা থানার ওসি আবুল কাসেম বলেন, নিহতদের লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.