নতুন বছরে ছবিওয়ালা’র আয়োজনে চিত্র প্রদর্শনী

শুরু হলো নতুন বছর। নতুন উদ্যম, নতুন উদ্দীপনা নিয়ে। এই নতুন বছরে তিলোত্তমা কলকাতা কোনো চমক রাখবে না, তা কি হয়! বছরের প্রথম দুটি দিনেই মহানগরী সাক্ষী থাকলো এক অভাবনীয় প্রদর্শনীর। ছবিওয়ালা আয়োজন করলো এক চিত্র প্রদর্শনীর। তবে মোটেই ঝাঁ-চকচকে কোনো গ্যালারিতে নয়। রাস্তাতেই। কলকাতার মোহরকুঞ্জের দেওয়ালে সার বেঁধে টাঙানো হলো ছবিওয়ালা’দের ছবি, সকলের জন্য।

মোট বারোজন শিল্পীর আঁকা প্রায় পঁচাত্তরটি ছবি প্রদর্শিত হয় এই প্রদর্শনীতে। যেমন ছিলো মাধ্যম বৈচিত্র্য, তেমনই বিষয়বস্তুর বিভিন্নতা। কোথাও পোর্ট্রেট, কোথাও নিসর্গচিত্র তো কোথাও বা রাজনৈতিক প্রতিবাদের ঝলক। শিল্পীরাও ছড়িয়ে রয়েছেন বাংলার বিভিন্ন জেলায়। পেশায় কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ বা এখনও ছাত্রাবস্থায়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার সৌরভ মিত্র জানালেন, “আমাদের গ্যালারি এক্সিবিশন এর সময়গুলোতে আমরা খেয়াল করেছিলাম, প্রদর্শনী দেখতে অভ্যস্ত কেবল বিশেষ একশ্রেণীর মানুষ। প্রান্তিক যে মানুষগুলো প্রদর্শনীতে আসতে পারেন না, আমরা চেয়েছিলাম প্রদর্শনীকেই তাদের কাছে নিয়ে যেতে। তাই ছবি নিয়ে প্রদর্শনী করেছিলাম রাস্তাতেই।” অপর কর্ণধার বিপ্লব ধর জানালেন, এই অভিনব পথ প্রদর্শনী এই প্রথম নয়। আগেও কলকাতার মোহরকুঞ্জ, বীরভূমের সিউড়ি প্রভৃতি জায়গায় এমন প্রদর্শনীর আয়োজন করেছে ছবিওয়ালা। ভবিষ্যতে এভাবেই বাংলার প্রতিটি জেলায় এমন প্রদর্শনীর আয়োজন করতে চায় তারা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.