মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারি : বিল গেটস

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে সরব হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনাঢ্য ব্যক্তি বিল গেটস।

তিনি বলেছেন, ওমিক্রন যেভাবে ছড়াচ্ছে তাতে সমগ্র বিশ্ব হয়তো করোনা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, এই পরিস্থিতিতে নিজের আসন্ন ছুটির দিনের বেশিরভাগ পরিকল্পনা বাতিল করেছেন বিল গেটস। গতকাল মঙ্গলবার সিরিজ টুইটার বার্তায় তিনি এ কথা জানান।

মাইক্রোসফটের এই সহ-প্রতিষ্ঠাতা বলেন, তার ঘনিষ্ঠ বন্ধুরা ক্রমবর্ধমান হারেই করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। আর তাই পরিস্থিতির কথা মাথায় রেখে অনুসরণকারীদের প্রতি তার পরামর্শ- ‘আমাদের এই সত্য উপলব্ধি করতে হবে যে, আমরা করোনা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারি।’

বিল গেটস আরও বলেন, ‘ওমিক্রন ইতিহাসের যেকোনো ভাইরাসের চেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এটি শিগগিরই বিশ্বের প্রতিটি দেশেই ছড়িয়ে পড়বে। ওমিক্রনে সংক্রমিত ব্যক্তি ঠিক কতটা অসুস্থ হবে, সেটি আমরা জানি না। এমনকি ওমিক্রন যদি ডেল্টার তুলনায় মাত্র অর্ধেক মাত্রায়ও ক্ষমতাসম্পন্ন হয় তাহলেও সেটি ইতিহাসের সবেচেয়ে বেশি সংক্রামক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। কারণ করোনার এই ভ্যারিয়েন্টটি খুবই সংক্রামক।’

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্তের পর বিশ্বের বহু দেশে অনেক দ্রুত ছড়িয়ে পড়েছে ওমিক্রন। যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্তদের ৭৩ শতাংশেরও বেশি মানুষ ওমিক্রনে সংক্রমিত হয়েছেন। দেশটিতে এক সপ্তাহের মধ্যে ওমিক্রনে সংক্রমণের হার ৩ শতাংশ থেকে এক লাফে ৭৩ শতাংশে পৌঁছেছে। ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.