দুই ডোজ টিকা নিয়েও করোনায় ঢাবি শিক্ষকের মৃত্যু

করোনাভাইরাস প্রতিরোধী দুই ডোজ টিকা নিয়েও করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হাসান।

রোববার (৫ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অসুস্থতা নিয়ে ড. মাহমুদ হাসান হাসপাতালে ভর্তি হয়। গত ৭-৮ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি দুই ডোজ করোনা ভ্যাকসিন নিয়েছিলেন। তারপরও করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে ড. মাহমুদ হাসানকে নিজ জেলা রাজবাড়ীতে দাফন করা হবে।

অধ্যাপক ড. মাহমুদ হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. মাহমুদ হাসান ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, নম্র ও সজ্জন চরিত্রের একজন শিক্ষক ও গবেষক। বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। মৎস্য চাষ বিষয়ে বিশেষজ্ঞ এই গুণী শিক্ষকের রয়েছে অনেক উদ্ভাবন ও মৌলিক গবেষণা।

উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ জন বর্তমান-সাবেক শিক্ষক মৃত্যুবরণ করেছেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.