চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আবুল কালামকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) সকালে কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (৫ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবুল কালাম (২৫) মিয়ানমারের নাগরিক। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা পাড়ার রোহিঙ্গা শরণার্থী। তার বাবার নাম হামিদ হোছেন।
সোমবার (৬ ডিসেম্বর) সকালে কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, গভীর রাতে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কোতোয়ালি থানার এসআই মিজান ছুটিতে কক্সবাজার বাড়ি ছিলেন। সেখান থেকে মিজান অভিযান চালিয়ে কালামকে গ্রেপ্তার করা হয়। টেকনাফে থেকে আবুল কালামকে কোতোয়ালি থানায় নিয়ে আসার জন্য একটি পুলিশের টিম পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রোববার (৬ ডিসেম্বর) আবুল কালাম নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। এদিকে সাসপেন্ড হওয়া পুলিশের দুই কনস্টেবল শাহাদাত ও নজরুলের নাম জানা গেলেও সাব-ইন্সপেক্টরের নাম জানা যায়নি।

