নারায়ণগঞ্জে আগুনে একই পরিবারের দুই শিশুসহ দগ্ধ ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস থেকে আগুন লেগে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

আজ সোমবার ভোররাতে উপজেলার ধুপতারা ইউনিয়নের কুমার পাড়া গ্রামের একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হচ্ছেন- ওড়না ব্যবসায়ী সোলাইমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), ছেলে মাহিদ (১৩) ও ছেলে আরশ (৩)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ সোলাইমানের চাচাতো ভাই ইউনুস জানান, একতলা বাসায় তারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন। আজ ভোররাতে একটা শব্দ শোনার পর আগুন লাগার খবর পান তিনি।

কীভাবে আগুন লেগেছে তা জানতে পারেননি। তবে ইউনুসের ধারণা, যে কোনোভাবে গ্যাস জমে এবং সেখান থেকেই আগুন লেগেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.