শেষ মুহূর্তে ফের জটিলতা, শুক্রবারও বাড়ি ফিরছেন না আরিয়ান!

মুম্বইয়ের আর্থার রোড জেলে ২৫ দিনের বন্দিদশা কাটিয়ে বৃহস্পতিবারই (২৮ অক্টোবর) জামিন পেয়েছিলেন আরিয়ান খান। কিন্তু তার জেল থেকে ছাড়া পাওয়া নিয়ে শুক্রবার জটিলতা তৈরি হলো। ১ লাখ টাকার বন্ডে তার জামিনদার হয়েছিলেন জুহি চাওলা। ছেলেকে জেলেকে আনতে পৌঁছে গিয়েছিলেন শাহরুখও। কিন্তু সময় মতো বিশেষ আদালতে পৌঁছায়নি আরিয়ানের জামিনের নথি। জেলের সূত্রকে উদ্ধৃত করে একাধিক স্থানীয় সংবাদমাধ্যম দাবি করেছে, শুক্রবার সম্ভবত জেলেই থাকতে হচ্ছে শাহরুখ-তনয়কে। শনিবার সকালে হয়তো ছাড়া পাবেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

জামিনের নির্দেশের পরেও বেশ কিছু নিয়মকানুন থাকে। যার মধ্যে অন্যতম মুম্বাই হাই কোর্টের জামিনের রায়ের একটি কপি জমা দিতে হবে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে। তারপরে বিশেষ আদালত আরিয়ানের রিলিজ অর্ডার জারি করবে। সেই নথি আবার আর্থার রোড জেলের বাইরে ‘বেল বক্স’-এ নিয়ে যেতে হবে। সেখানে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তা পৌঁছতে হবে। জানা যাচ্ছে, মাদক সংক্রান্ত বিশেষ আদালতে সময় মতো পৌঁছয়নি আরিয়ানের সেই রায়ের কপি। ফলে আবার আটকে গেলো আরিয়ানের বাড়ি ফেরা।

ঘটনাচক্রে, আর চার দিন পরেই শাহরুখের জন্মদিন। আরিয়ান ছাড়া পাবেন কি না, সেই উদ্বেগে এ বার অনুরাগীদের বাংলোর সামনে ভিড় না করার অনুরোধ জানিয়েছিলেন কিং খান। দুশ্চিন্তা উড়িয়ে বাবার জন্মদিনের আগেই ঘরে ফিরছে ছেলে। প্রতি বছরের মতো এ বারও কি তবে প্রাসাদোগম বাড়ির বারান্দায় এসে দাঁড়াবেন শাহরুখ? হাত নাড়বেন চিরাচরিত ভঙ্গিতে? উত্তরের অপেক্ষায় তার সহস্র অনুরাগীরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.