ভারতের কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা সুপারস্টার পুনিত রাজকুমার (৪৬) মারা গেছেন।
আজ শুক্রবার সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হাসপাতালের চিকিৎসক ডা. রাঙ্গানাথ নায়েকের বরাতে সংবাদমাধ্যম এএনআই জানায়, সকাল সাড়ে ১১টায় বুকে ব্যাথা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিউতে চিকিৎসা চলাকালীন তার অবস্থা আশঙ্কাজনক ছিল। কথা বলতে পারছিলেন না।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম পুনিতের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নিজের জিমে ব্যায়াম করছিলেন পুনিত। সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে প্রিয় তারকার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে ভিড় করেন হাজারো অনুরাগী। তার মৃত্যুতে এবার ভক্ত অনুরাগীসহ ভারতীয় শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমেছে।
হাসপাতালে পুনিতকে দেখতে যান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই ও রাজস্বমন্ত্রী আর অশোক। এক টুইটে মুখ্যমন্ত্রী বাসভরাজ বলেন, ‘আমি গভীর শোকাহত। পুনিত রাজকুমারের মৃত্যুতে কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বিশাল ক্ষতি হলো। ইশ্বর তাকে ক্ষমা করবেন এবং তার ভক্তদের শোক সহ্য করার শক্তি দিবেন।’
পুনিতের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। টুইট বার্তায় তিনি বলেন, ‘এটি তার চলে যাওয়ার সময় নয়। পরবর্তী প্রজন্ম তাকে মনে রাখবে তার অসাধারণ কাজ ও ব্যক্তিত্বের জন্য।’
কন্নড়সহ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পুনিত জনপ্রিয় ছিলেন ‘পাওয়ারস্টার’ হিসেবে। অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনাও করেছেন তিনি। সম্প্রতি পুনিত ‘জেমস’ ছবির কাজ শেষ করেন। শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনিত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এখন পর্যন্ত প্রায় ২৯টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

