কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশে দুদিনের আরও ৩ চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে চিকিৎসকের মৃত্যু সংখ্যা ১৮০ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান ঢাকা মেডিকেল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ। শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা।
আগের দিন সোমবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালট্যান্ট ডা. জাকিয়া রশীদের (শাফী) মৃত্যু হয়।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
১ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি হন ডা. শামীম আহমেদ। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। তার অবস্থা খুবই জটিল ছিল। দুবার কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান তিনি।
৫০ বছর বয়সি ডা. শামীম আহমেদ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৩২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে বিএমএ জানিয়েছে।
৪৬ বছর বয়সি ডা. জাকিয়া রশীদ ঢাকা মেডিক্যাল কলেজের কে-৫০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে বিএমএ।

