সিদ্ধার্থ সিংহের দু’টি কবিতা

বর্ষাদিন

..……………….

আমাকে দেখলে ও ভাবে মুখ ফিরিয়ে নাও কেন?

আকাশে রামধনু উঠলে সবাই হাঁ করে তাকিয়ে থাকে

রামধনু কাউকে বলে না—

তাকিয়ে আছ কেন গো?

পুকুরে থোকা-থোকা কচুরিপানা ফুটলে

তার ছটা সকলের নজর কাড়ে

কেউ করে পা ডুবিয়ে জল থেকে তুলে আনে একটা-দুটো,র

কাউকে অপছন্দ হলেও

একটু তফাতে সরে গিয়ে কখনও কচুরিপানা বলে না—

আমাকে একদম ছোঁবে না।

ঝলসে যাওয়া পৃথিবীতে যখন ঝিরঝির করে বর্ষা নামে

সবাই ঘর থেকে বেরিয়ে পড়ে

বর্ষা কাউকে বিমুখ করে না।

 

তুমি স্কুলবাসে যাও, আসো

মাঝে মাঝেই দাঁড়াও ঝুল-বারান্দায়

আমাকে দেখলে ও ভাবে মুখ ফিরিয়ে নাও কেন?

 


 

কিংবা… কিংবা… কিংবা…

 

আপনার প্রচণ্ড জ্বর হোক

একশো দুই তিন

কিংবা কোনও প্রিয়জন মুখ ফিরিয়ে নিক

আপনার কাছ থেকে

নয়তো এমন কিছু ঘটুক

এমন কিছু়… এমন কিছু… এমন কিছু…

 

আপনি তো যেতে বলবেন না

যেতে চাইলে বলবেন—

এ কী বলবে!

ও কী বলবে!

সে কী বলবে!

কোথাও দেখা করতে চাইলেও বলবেন,

কী করে যাই!

 

আপনার তুমুল জ্বর হোক

একশো তিন চার

কথা বলার মতো অবস্থা না থাকুক আপনার

কিংবা… কিংবা… কিংবা…

 

তা হলে আর আপনার অনুমতির দরকার হবে না

খুঁজে খুঁজে সোজা চলে যাব আপনার বাড়িতে

জ্বর দেখার ছলে কপালে হাত দিয়ে

গলায় হাত দিয়ে

মাথায় বিলি কাটতে কাটতে

অনায়াসে ছুঁতে পারব আপনাকে

 

আপনার বীভৎস্য জ্বর হোক

জ্বর হোক একশো চার পাঁচ ছয়

কিংবা… কিংবা… কিংবা…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.