জাপানে ভারী বৃষ্টিপাতে ভূমিধস : নিহত ২, নিখোঁজ ২০

জাপানে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া ভূমিধসের ঘটনায় অন্তত ২০ ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকেতে খবর প্রকাশ করা হয়।

জাপানের শিজোকা প্রদেশের আতামি শহরে শনিবার এই ভূমিধসের ঘটনা ঘটে।

শিজোকা প্রদেশের গভর্নর হেইতা কাওয়াকাতসু এক সংবাদ সম্মেলনে জানান, ‘ভারী বৃষ্টিপাতের কারণে মাটি ক্ষয়ে যায় এবং ভূমি ধসে পড়ে। প্রচণ্ড গতিতে মানুষসহ বাড়িঘর ভেঙ্গে নিয়ে যায়।’

ভূমিধসের ঘটনায় সংকটের মোকাবিলায় আলোচনার জন্য জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এক বৈঠক ডেকেছেন।

আতামি নগরের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। আবার কিছু ঘরবাড়ি কাদাযুক্ত পানির স্রোতে ভেসে যায়।

এদিকে টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে, ভূমিধসের কারণে এ অঞ্চলের দু্ই হাজার আট শ’র বেশি ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত ওই এলাকায় ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে।

সূত্র : আলজাজিরা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.