করোনায় এক দিনে ৭৮ জনের মৃত্যু, শনাক্ত এক লাফে ৪৬৩৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬২৬ জনের। নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চার হাজার ৬৩৬ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৫৬ হাজার ৩০৪ জনে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৮২৭ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন। ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ৫১ হাজার ৭৯১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৮ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ২৩ জন। এ ছাড়া রাজশাহীতে ১৫, খুলনায় ১৪, চট্টগ্রামে ১১, রংপুরে ৯, বরিশালে ৩, সিলেটে ২ ও ময়মনসিংহে একজন মারা গেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.