জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক উপ-সচিবের দায়ের করা মামলায় জামিন পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম।

আজ রোববার (২৩ মে) জামিনের এ আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার (২০ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চুয়াল আদালতে জামিন আবেদনের উপর শুনানি শেষে আদেশের জন্য এই দিন ধার্য করেছিলেন।

ওইদিন রোজিনার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী, আমিনুল গণি টিটো, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আশরাফ উল আলম ও প্রশান্ত কর্মকার। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকবউটর তাপস কুমার পাল ও সহকারি পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরন জামিনের বিরোধিতা করেন।

এ সময় তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একান্ত সচিবের রুমে থাকা অবস্থায় রোজিনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে রোজিনাকে বলতে শোনা যায় আমি ভুল করেছি, আমি মুচলেকা দেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি দাখিল করতে সময় চেয়ে জামিন শুনানি পেছানোর আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আসামিপক্ষ সময় আবেদনের বিরোধিতা করে ওইদিনই জামিন বিষয়ে আদেশের আর্জি জানান।

শুনানি শেষে বিচারক মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে আদেশের জন্য রোববার দিন ধার্য করেন।

গত ১৮ মে রোজিনার বিরুদ্ধে করা ৫ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন অপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম। একইসঙ্গে জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার (২০ মে) দিন ধার্য করেন।

গত ১৭মে বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক রোজিনা ইসলাম। তাকে এদিন ছয় ঘণ্টা আটকে রেখে রাত সাড়ে ৮টার দিকে সচিবালয় থেকে পুলিশি পাহারায় শাহবাগ থানায় নেওয়া হয়

ওইদিন রাতেই রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৬। দণ্ডবিধি ৩৯৭ এবং ৪১১ অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট ১৯২৩ এর ৩ ৫ এর ধারায় এ মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব শিব্বির আহমেদ ওসমানী। যেখানে তার বিরুদ্ধে সরকারি নথি সরানো ও ছবি তোলার অভিযোগ দায়ের করা হয়েছে। এই মামলার একমাত্র আসামি করা হয়েছে রোজিনা ইসলামকে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.