স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিন্ডিকেটের ষড়যন্ত্রের শিকার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে নিজের জন্মদিনে কেক না কেটে কলম ভেঙ্গে অভিনব প্রতিবাদ করলেন জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইলিয়াস খান।
গত ২০ মে সাংবাদিক নেতা ইলিয়াস খানের জন্মদিনে এ অভিনব প্রতিবাদে অংশ নেন উনার সহকর্মীরা। স্থানীয় সময় রাত সাড়ে আটটায় জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদকের কক্ষে এ আয়োজন করা হয়।
এ সময় ইলিয়াস খান বলেন, আমার সহকর্মী ও বোন রোজিনা ইসলামকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছে। তিনি শারীরিকভাবে কারাগারে আছেন আর আমরা সবাই মানসিকভাবে কারাগারে আছি।
তিনি আরও বলেন, শুধু রোজিনা ইসলাম নয়, আরও অনেক সাংবাদিকের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে। তারা অনেকেই কারাগারে আছেন। সাংবাদিকদের বিভিন্ন অধিকার আদায় এবং নির্যাতনের প্রতিবাদে এর আগে আমরা কলম বিরতি কর্মসূচি পালন করেছি। এবার কলম বিরতি নয়, কলম ভাঙা কর্মসূচি পালন করছি।

সকল প্রতিবন্ধকতা পার করে অবিলম্বে রোজিনা ইসলাম মুক্তি পেয়ে আবারও অনুসন্ধানী সাংবাদিকতা জগতে সদর্পে বিচরন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র দুই বারের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। সুত্র, ইউরো নিউজ ২৪

