সাফারি পার্কে যুবক হত্যার ঘটনায় গ্রেফতার ৩

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেতরে যুবক হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। এছাড়া নিহত ওই যুবকের পরিচয়ও শনাক্ত করেছে র‌্যাব।

নিহত ওই যুবকের নাম কবির হাসান (২২)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী নয়াপাড়া গ্রামের জাবিউল ইসলামের ছেলে।

শুক্রবার রাতে উদ্ধারকৃত ওই যুবকের পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প।

এদিকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো- ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার গালিমপুর গ্রামের মো. রুস্তম আলীর ছেলে মো. মাসুদুর রহমান (৩৭), একই জেলার জালালপুর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে মো. আব্দুল হালিম (৩৬) ও যশোর জেলার চৌগাছা থানার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. লালটু মিয়া।

জানা যায়, গত ৩০ মার্চ সকালে ওই সাফারি পার্কের সীমানা প্রাচীরের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হলে র‌্যাব-১ ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এক পর্যায়ে গত ১ এপ্রিল র‌্যাবের অনসাইট আইডেনটিফিকেশন এন্ড ভেরিফিকেশন সিস্টেমের (ওআইভিএস) সহায়তায় ওই যুবকের পরিচয় শনাক্ত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি র‌্যাব জানায়, রাজধানীর পল্লীব থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মাসুদুর রহমান, আব্দুল হালিম ও যশোরের চৌগাছা উপজেলার লালটু মিয়াকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এই চক্রটি মানবপাচার, চাকরি, প্রতারণা ও সুদের ব্যবসাসহ নানা অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‌্যাব।এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার, বিভিন্ন ধরণের ভিজিটিং কার্ড, ১৬টি বায়োডাটা, ফাঁকা স্ট্যাম্প, পাঁচটি মোবাইল ফোন, দুটি কম্পিউটারসহ বিভিন্ন ধরণের সিল ও আইডি কার্ড, নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

অপরদিকে গত ২৫ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজারস্থ খংসারদি সেতুর নিচ থেকে উদ্ধারকৃত অজ্ঞাত ব্যক্তি মরদেহেরও পরিচয় পাওয়া গেছে।

এই হত্যাকাণ্ডের সঙ্গেও গ্রেফতার চক্রটি জড়িত বলে স্বীকার করেছে। ওই যুবকের নাম সাগর হোসেন। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নন্দইল হাটখোলা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.