আল্লামা শফী হত্যার ‘দৃষ্টান্তমূলক বিচার’ চাইলেন তথ্যমন্ত্রী

হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ্ আহমদ শফী হত্যার ঘটনার ‘দৃষ্টান্তমূলক বিচার’ দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার রাতে ইউরোপ সফর থেকে দেশে ফিরে বুধবার (১৪ এপ্রিল) ১৪২৮ বঙ্গাব্দের প্রথম দিন পয়লা বৈশাখের দুপুরে ঢাকায় নিজ বাসভবনে অত্যন্ত সীমিত পরিসরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন দাবি জানান।

এসময় ড. হাছান পবিত্র রমজান ও বাংলা নববর্ষের প্রথম দিন উপলক্ষে নতুন বছরে দেশ ও সমগ্র বিশ্বের করোনামুক্তি কামনা করেন।

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির মওলানা আল্লামা আহমদ শফী হত্যা মামলায় সংগঠনটির বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অভ ইনভেস্টিগেশন (পিবিআই) এর দাখিল করা অভিযোগপত্রের বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করেন।

জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্যাতনের মাধ্যমে আল্লামা শফীর মৃত্যুর ঘটনার বিচার চেয়ে তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছিল। দীর্ঘ তদন্তের পর পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।’

‘নির্যাতনের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার বিষয়টি স্পষ্ট এবং তখনকার পত্রপত্রিকায় এ বিষয়ে সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের বিভিন্ন চিত্র প্রকাশিত হয়েছিল’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘হাটহাজারী মাদরাসার প্রতিষ্ঠাতা শতবর্ষী মওলানা শফী চরম অসুস্থ থাকাকালে তার কক্ষ ভাঙচুর করা, হাসপাতালে নেবার পথে এক ঘণ্টা গাড়ি আটকে রাখা, অক্সিজেন টিউব খুলে নেয়া, অকথ্য ভাষায় গালিগালাজ করা -এসবই সবাই দেখেছে।’

তিনি বলেন, ‘মওলানা শফী সাহেব আমার নির্বাচনী এলাকার ও আমার পাশের ইউনিয়নের একজন আলেম ছিলেন। তার মতাদর্শ নিয়ে নানা কথা থাকলেও মানুষ হিসেবে তিনি ছিলেন সজ্জন। যারা মামলা করেছেন, তারাও আমার নির্বাচনী এলাকার মানুষ। আমি চাই, আমার নির্বাচনী এলাকার মানুষ মওলানা শফী সাহেবকে যারা নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তাদের উপযুক্ত দৃষ্টান্তমূলক বিচার হোক।’

করোনা সংক্রমণ রোধে লকডাউনের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরূপ মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘জনগণকে মহামারির হাত থেকে রক্ষার জন্যই সরকার লকডাউনের ব্যবস্থা নিয়েছে। বিশ্বের দেশে দেশে একই ব্যবস্থা চলছে। কিন্তু দুঃখজনক হলো, মির্জা ফখরুল সাহেবদের কথা শুনে মনে হয়, তারা চান দেশে করোনা সংক্রমণ আরও ব্যাপক বৃদ্ধি পাক, প্রতিদিন দেশে শত শত মানুষের মৃত্যু হোক। তাহলেই বোধহয় তাদের রাজনীতিতে সুবিধা হয়।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.