আগামী ৩ দিনের মধ্যে ঝড়বৃষ্টি, তাপমাত্রা কমতে পারে ৫ ডিগ্রি

মাত্রাতিরিক্ত গরমে অতিষ্ঠ পুরো দেশ। এখন চার অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাছাড়া ৮ বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আজও তাপমাত্রা বাড়তে পারে।

এ অবস্থায় কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদফতর। তারা বলছে, আগামী ৩ দিনের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে ৫ ডিগ্রী সেলসিয়াস কমে যেতে পারে।

সোমবার (২৬ এপ্রিল) সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

দেশে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রোববার যশোরে, ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.