ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯

ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুটি ইউনিয়নে চলছে এখন শোকের মাতম। স্বজন হারানো কান্নায় ভারি হয়ে উঠছে সীমান্তের কয়েকটি গ্রাম। ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আসছে ঘর থেকে। সে এক হৃদয়বিদারক দৃশ্য। রবিবার (২১ মার্চ) সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন একই পরিবারের ৬ জনসহ মোট ৯জন। সবার বাড়ি মহেশপুর উপজেলার বাশবাড়িয়া ও কাজিরবেড় ইউনিয়নে।

নিহতরা হলেন, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক ও বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাগানমাঠ গ্রামের এ্যাড. আব্বাস আলী, তার ভাগিনা মাইক্রো চালক আল আমিন, ভৈরবা গ্রামের বৃদ্ধা মিয়াজান বিবি (৬৬), মেয়ে আমেনা খাতুন, পুত্রবধু কুটি বিবি, পোতা জামাই জুয়েল হোসেন, পুতনি মরিয়ম নেছা ও তার ৫ বছরের শিশু এবং নিকটাত্মীয় সামন্তা গ্রামের নজরুল ইসলাম।

এলাকাবাসি ও পুলিশ জানায়, রোববার সকাল ৭টার দিকে তাদের বহনকৃত মাইক্রোবাসটি মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় দুর্ঘটনায় পতিত হয়।

একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষে দুমড়ে মুচড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন ও হাসপাতালে নেয়ার পর আরো ৪ জনের মৃত্যু হয়। এই মৃত্যুর খবর মহেশপুরের বাগানমাঠ, সামন্তা ও ভৈরবা গ্রামে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনাস্থলে উপস্থিত মহেশপুর উপজেলা বিএনপির নেতা আনিছুর রহমান রিপন জানান, তারা লাশ নিয়ে মহেশপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। লাশের সঙ্গে নিহতদের আত্মীয়স্বজনও রয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.