আ’লীগের ভাবমর্যাদা নষ্ট করছেন কাদের মির্জা : ভাগ্নের মন্তব্য

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বক্তব্যকে ‘জঘন্য মিথ্যাচার’ আখ্যায়িত করেছেন তার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত।

তিনি বলেছেন, কাদের মির্জা আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে বিষোদাগার করছেন। আমি ওনাকে প্রশ্ন করতে চাই। আপনি কার এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন? আমেরিকায় আপনার সাথে কোন এজেন্সির সাথে বৈঠক হয়েছে? আপনি বিএনপির কার সাথে বৈঠক করে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের ভাবমর্যাদা নষ্ট করার জন্য, ওবায়দুল কাদেরের সম্মান ক্ষুণ্ণ করার জন্য মাঠে নেমেছেন?

বুধবার দুপুর ২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিওবার্তায় তিনি এসব মন্তব্য করেন। এর আগে দুপুর ১২টার দিকে তার মামা ও বসুরহাটের মেয়র কাদের মির্জা লাইভে এসে বক্তব্য রাখেন।

মামা ফেসবুক লাইভে ‘মিথ্যাচার করার প্রতিবাদে’ ভাগ্নে ভিডিওবার্তায় বলেন, আজকে আপনার বিএনপি প্রীতি দেখলে মনে হয়, আপনি বিএনপির মুখপাত্র। ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেব শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রীও শোক জানিয়েছেন। কিন্তু মনে হচ্ছে যে আপনি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। আপনি ওনার জন্য তিন দিনের শোক ঘোষণা করলেন। আপনি শোকসভার আয়োজন করেছেন। প্রশাসনের উচ্চ পর্যায়ের নির্দেশে ওই শোকসভা বন্ধ হয়েছে। এখানে ওবায়দুল কাদের সাহেবের কোনো ভূমিকা নেই। আপনি তারপরেও ওনার বিরুদ্ধে বিষোদগার করছেন। আপনি এখন মওদুদ প্রীতি দেখাচ্ছেন। ২০০০ সালে আপনি ব্যারিস্টার মওদুদকে গাড়ি থেকে পর্যন্ত নামতে দেননি। ২০০০ সালে বিএনপিকর্মীদের ওপর যে অত্যাচার করেছেন, তার খেসারত ২০০১ সাল পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ কোম্পানীগঞ্জ শাখার নেতাকর্মীরা বাড়িছাড়া হয়েছে। শুধুমাত্র আপনার অপকর্মের কারণে।

ফখরুল ইসলাম রাহাত স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য, কোম্পানীগঞ্জে মির্জাবিরোধী বলয়ের অন্যতম নেতা হিসেবে পরিচিত। যদিও তিনি কাদের মির্জার আপন ভাগ্নে।

মামা কাদের মির্জার ফেসবুক লাইভের জবাবে ভিডিও বার্তায় ভাগ্নে রাহাত আরো বলেন, ‘সত্যবচন’ নামধারী আবদুল কাদের মির্জা ‘জঘন্য মিথ্যাচারের’ প্রতিবাদ করার জন্য আজকে আমি কথা বলছি। আপনারা জানেন, তিনটি মাস ধরে এই সত্যবচন নামধারী আবদুল কাদের মির্জা এই কোম্পানীগঞ্জ তথা বসুরহাট পৌরসভাবাসীকে জিম্মি করে রেখেছেন। উনি দলের নেতাদের বিরুদ্ধে কথা বলছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন, আমাদের গর্ব ওবায়দুল কাদের বিরুদ্ধে কথা বলছেন। তার সহধর্মিনীর বিরুদ্ধে কথা বলছেন। মির্জা সাহেব, আপনি কোন মহলের প্ররোচনায় পড়ে আজকে কোম্পানীগঞ্জকে অস্থিতিশীল করার পায়তারা করছেন?

মামা কাদের মির্জাকে ইঙ্গিত করে রাহাত বলেন, মিজানুর রহমান বাদলের শান্তিপূর্ণ সমাবেশে আপনি বসুরহাট থেকে চাপরাশির হাট গিয়ে সশস্ত্র হামলা করেছেন। ওই হামলায় বোরহানউদ্দিন মুজাক্কের নিহত হন। আপনি বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খানকে গত ৮ মার্চ শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা যারা জাতির সূর্যসন্তান। আপনি ওই মুক্তিযোদ্ধাকে যিনি ওবায়দুল কাদেরের নেতৃত্বে মুক্তি বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল। আপনার পালিত গুণ্ডাবাহিনী তাকে টোকাইয়ের মতো মেরেছে। এর প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ৯ মার্চ রূপালী চত্বরে সভার আয়োজন করে। একটি শান্তিপূর্ণ সমাবেশ যখন শেষ দিকে ঠিক তখনই আপনার ভাই শাহদাত, আপনার ছেলে তাশিক মির্জার নেতৃত্বে ওই শান্তিপূর্ণ সমাবেশে হামলা করেছে। ওখানে দলের কর্মী চরফকিরার আলাউদ্দিন নিহত হয়। আর কতো রক্ত ঝরলে আপনার শান্তি হবে? আপনি শান্তির জনপদ কোম্পানীগঞ্জকে কেন আজকে অশান্তির জনপদে রূপান্তরিত করলেন? কোন স্বার্থে আপনি এ কাজগুলো করছেন?

রাহাতের আরো প্রশ্ন, গতকালকে আপনি ঘোষণা করছেন আপনাকে নাকি সিএমএইচ হাসপাতালে নেয়া হবে। আমি মনে করি, পাগলের চিকিৎসা সিএমএইচ হাসপাতালে হয় না। পাগলের চিকিৎসা হয় পাগলা গারদে। আপনি মির্জা টাওয়ারে দোকান বরাদ্দের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছেন। মির্জা টাওয়ারের কোনো প্রশাসনিক অনুমোদন নেই।

স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশে রাহাত বলেন, আপনারা আবদুল কাদের মির্জার এই পাতানো ফাঁদে পা দেবেন না। আমি প্রিয় নেতা ওবায়দুল কাদের ও শেখ হাসিনা শেখ হাসিনাকে বলব, অবিলম্বে এই ‘পাগল’ মির্জাকে কোম্পানীগঞ্জ থেকে তুলে নিয়ে যান। আপনারা তার চিকিৎসার ব্যবস্থা করুন। আজকে তার কারণে কোম্পানীগঞ্জ শান্তির জনপদ অশান্তিতে পরিণত হয়েছে। আবদুল কাদের মির্জা তার গুণ্ডাবাহিনী দিয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের ধমক দিচ্ছে, বাজার ব্যবসায়ীদের ধমক দিচ্ছে।

দীর্ঘ ভিডিওবার্তায় রাহাত বলেন, আমরা আবদুল কাদের মির্জার এ হীন চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উনি আমাকে অস্ত্রবাজ বলেছেন। মির্জা সাহেব, আমি আপনাকে বলতে চাই, এটার প্রমাণ দিতে হবে। আর যদি প্রমাণ না দিতে পারেন। তা হলে আপনার বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে ও মানহানি মামলা করতে বাধ্য হবো।

কোম্পানীগঞ্জে শান্তি ফেরার প্রত্যাশা করে তিনি আরো বলেন, এক মির্জার কারণে কোম্পানীগঞ্জ অশান্তির জনপদে রূপান্তরিত হয়েছে। আমরা এর অবসান চাই। আমরা সবাই মিলে একটি সুখী সমৃদ্ধ কোম্পানীগঞ্জ দেখব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.