সিএনজি অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ৩

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় মাহিন্দ্রা সিএনজি অটোরিকশাকে বালিবাহী ডাম্পার ট্রাক ধাক্কা দিলে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বহদ্দারহাট-শাহআমানত সেতু সংযোগ সড়কের রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক মো. অহিদ মিয়া (৫৫), মো. শহীদ মাঝি (৬২) ও মো. আব্দুল মান্নান (৪০)।

বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন জানান, রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে মাহিন্দ্রা সিএনজি অটোরিকশাকে বালিবাহী ডাম্পার ট্রাক ধাক্কা দিলে সাতজন গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে মো. অহিদ মিয়া সিএনজি অটোরিকশা চালক ও বাকি দুইজন শ্রমিক। কাজ শেষে বাসায় ফিরছিলেন তারা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. জহিরুল হক ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে নিয়ে আসা হলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি চারজন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এসআই মো. আমির হোসেন বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.