হাসিনা আকতার নিগার :অ্যাবিউসিভ রিলেশনশিপ – এক নীরব ঘাতক। যা মানুষ অনুভব করতে পারে কিন্তু বলতে পারে না। কেবল তীব্র এক যন্ত্রণা নিজে বয়ে বেড়ায়। প্রেমময় সব সম্পর্ক সুন্দর আর পরিপূর্ণ হয় না ।অনেক সময়ই বাহিক্য ভাবে সুন্দর সম্পর্কের অন্তরালে থাকে অস্বাস্থ্যকর সম্পর্ক । আর এই অস্বাস্থ্যকর সম্পর্ক যে কোন মানুষকে দিনে দিনে চরম পরিনতির দিকে নিয়ে যায়। যার নাম হলো অ্যাবিউসিভ রিলেশনশিপ।
এক্ষেত্রে দেখা যায় একজন অন্যজনকে অনবরত অ্যাবিউজ করতে থাকে। অন্যজন সেসব অত্যাচার সয়ে যেতে থাকে ক্রমাগত । কারণ অ্যাবিউজকারী একই সাথে অ্যাবিউজও করে আবার স্বাভাবিক প্রেম প্রকাশ করে নানাভাবে । সে নিজেই বুঝতে পারে না এটা তার অসুস্থতার চুড়ান্ত রূপ। যেমন কুৎসিত আচরণ গালাগালি সব করে। কিছু সময় পর এমন আচরণের জন্য অনেক কান্নাকাটি করে ক্ষমা চেয়ে এমন পরিবেশ সৃষ্টি হয় যে, সেখানে ভালোবাসা ছাড়া আর কোন যুক্তি থাকে না। নিজের ভালোবাসার প্রমান দিতে ব্যতিব্যস্ত এ ব্যক্তিটি আবার দুইদিন পর একই ব্যাপার ঘটায় । ভুলে যায় তার বিগত দিনের কান্ড।
এমন সম্পর্কের বেলাতে ভিকটিম বুঝতে পারে না কি করবে সে। চরম দ্বিধা দ্বন্দ্ব, সংশয়, আতঙ্কে এবং দুশ্চিন্তায় ভোগে। কারণ তার সঙ্গীর ব্যাপারে সে কোন সিদ্ধান্তে আসতে পারে না। সে তাকে ভালবাসে কি বাসে না! যদি ভালই বাসে, তাহলে কেন গায়ে হাত তোলে? কেন কুৎসিত গালি দেয়? ডোমিনেট করে, ঈর্ষা করে? আবার একটু পরেই কেন মাফ চায়? কাঁদে কষ্ট পায়? আদর করে? এসব প্রশ্নের উত্তর পায় না।একই বিষয় বার বার ঘটার ফলে এটি একসময় দুইজনের অভ্যাসে পরিনত হয়।
অ্যাবিউসিভ রিলেশনের সাধারণত ভিক্টিম হিসেবে মেয়েরাই সংখ্যায় বেশি। এক্ষেত্রে পুরুষ সঙ্গীটি মেয়েটির ক্যারিয়ার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, চলাফেরা, পোশাক, খাবারের অভ্যাস, চিন্তাচেতনা সবকিছুর উপর খবরদারি করার চেষ্টা করে। কথা না শুনলে গায়ে হাত তোলে, অপমান করে, সারাক্ষণ ছোট করে, অন্য মেয়ের সাথে তুলনা করে, সন্দেহ করে, মেয়েটিকে দেখিয়ে অন্য মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করে ইত্যাদি।
এসবে মেয়েটি কাঁদে, ঝগড়া করে, রাগ হয়, অভিমান করে, কিন্তু কোনভাবেই সে সেই সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারে না। কারণ লোকটি কিছু সময় পরই আবার তার সাথে চরম ভাল ব্যবহার করতে থাকে, ভালবাসার নানা রকম প্রকাশ করে।
অ্যাবিউসিভ রিলেশনশিপ যেহেতু একটা ব্যাধি। তাই এর প্রতিকার করতে হলে নিজের কিছু বিষয়ে খেয়াল করতে হবে।
সে কি তার সংগীকে সারাক্ষণ অপমান করে। বিব্রত করে কিংবা মানুষের সামনে ছোট করার চেষ্টা করে নানাভাবে সসমালোচনা করে। কোন কারণ ছাড়াই যোগাযোগ বন্ধ করে দেয়। অবহেলা করে কিংবা অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে। যা নিয়ে তার কোন প্রতিক্রিয়া থাকে না।
বিপরীত লিঙ্গের মানুষের সাথে ফ্লার্ট বা প্রভোকেটিং আচরণ করেন নিজের সংগীর সামনে। বেশিরভাগ সময় ব্যঙ্গ করে বা বিরক্তির স্বরে কথা বলে। যে কোন বিষয়ে দোষারোপ করে। সন্দেহপ্রবন হয়ে বাজে মন্তব্য করে।
ভালোবাসে কি না সে কথাটি পরিস্কার করে বলতে পারে না। তবে ব্ল্যাকমেইল করে নানাভাবে
খবরদারি করাটা অভ্যাসে পরিনত হয়। যে স্নেহ বা মমতা ছিল,তা আর তেমন প্রকাশ করেন না। আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব থেকে দূরে সরিয়ে রাখতে চায়। তার নিজের শারীরিক চাহিদাকে প্রাধান্য দেয় কেবল। অন্যজনের অবস্থা বুঝে না এ বিষয়ে।
নানা দুর্ব্যবহারের পর পরই সংগীকে খুশি করতে ইচ্ছামত টাকা পয়সা খরচ করে গিফট আনে, বেড়াতে নিয়ে যায়, খাওয়ায়। তাকে ছাড়া কোথাও গেলে ক্রমাগত ফোন করতে থাকেন বা টেক্সট পাঠাতেই থাকেন?। এ অস্বাভাবিক পরিবেশে থেকে সংগী তাকে ছেড়ে চলে যাবার কথা বললেই কি সুইসাইডের হুমকি দেয়।
উপরের বিষয়গুলো যদি দুজন মানুষের সম্পর্কের ভেতরে উপস্থিত থাকে, তাহলে তারা অ্যাবিউসিভ রিলেশনের ভেতরে আছেন।
অ্যাবিউসিভ রিলেশনশিপ দুজনের মানসিক স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। এটা জীবনের জন্যও হুমকি। প্রকৃতপক্ষে অ্যাবিউসিভ রিলেশনশিপে ভালবাসা ও প্রেমের কিছুই থাকে না। এটা মানসিক অসুস্থতা । তাই এর জন্য চিকিৎসা প্রয়োজন। মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নেয়া উচিত।
আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, পারিবারিক শিক্ষা, পরিবেশ, চিন্তা চেতনা, রুচি ইত্যাদি অ্যাবিউসিভ রিলেশনের কারণ হতে পারে। অনেক পুরুষ ধারণা নারীকে দমিয়ে রাখতে হবে। চিকিৎসা করেও এমন মানসিকতার পরিবর্তন কতটা হবে তা নিয়ে সংশয় থাকে।
যারা অ্যাবিউসিভ রিলেশনের ভেতরে আছেন, তাদের উচিত ঠিক সময়ে ভালবাসার নামে এ অসুস্থতা থেকে মুক্তি নেয়া। কেননা এর পরিনতি ভয়াবহ। প্রতিদিন ভালোবাসার মিথ্যা মোহের মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাটা যে নরকসম প্রানহীন জীবন ।
লেখক – কলামিস্ট ।

