সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ দ্বিতীয় দিনের মত নীলক্ষেত মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। এতে ওই সড়ক ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, ঢাকা শহরের সাতটি মূল পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা সদরঘাটে অবস্থান নেবেন। বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা বকশিবাজার ঢাকা মেডিকেল কলেজ মোড়ে অবস্থান নেবেন, ইডেন ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত ও আজিমপুরে অবস্থান করবেন। বাংলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা যথাক্রমে মিরপুর টেকনিক্যাল ও গুলশানে অবস্থান নেবেন। অবস্থান ও অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া সবাইকে দায়িত্ববান ও সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে নীলক্ষেত মোড় ও মহাখালী তিতুমীর কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান চলমান ছিলো। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়। জানা গেছে, সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট তিনজন ডিনকে নিয়ে সভা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। তিনি সাত কলেজের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এ সভাতেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়।

এ সময় চলমান পরীক্ষা নিতে ও হল ক্যাম্পাস খোলার দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তারা নীলক্ষেত মোড়ে দাঁড়িয়েছেন। দেশের সব মার্কেটসহ অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকলেও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে তাদের ভবিষ্যতকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল বলেন, আমাদের চলমান পরীক্ষা অবশ্যই নিতে হবে। শুধুমাত্র পরীক্ষার জন্য আমরা গ্রাম থেকে ঢাকা আসছি ৷ এমন হয়রানি মেনে নেয়া যায় না। অবিলম্বে আমাদের চলমান পরীক্ষা নিতে হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.