খোন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজউন)।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খোন্দকার ইব্রাহিম খালেদের ছেলে খোন্দকার সাঈদ বলেন, বাবা ভোর ৫টা ৪০ মিনিটে পিজি হাসপাতালের আইসিইউতে মারা গেছেন। সকাল ১১টায় সেগুনবাগিচার কচিকাচার মেলায় রাখা হবে তার মরদেহ। পরে বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে গোপালগঞ্জ সদরে দাফন করা হবে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১ ফেব্রুয়ারি খোন্দকার ইব্রাহিম খালেদকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।

খোন্দকার ইব্রাহিম খালেদের কর্মজীবন শুরু ১৯৬৩ সালে। ৪টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি সামলেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব। ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। বহুমুখী কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিলো ২০১০ সালে পুঁজিবাজারে ধসের পর, তদন্ত প্রতিবেদন প্রণয়ন। আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন নিয়েও গণমাধ্যমে সরব ছিলেন খোন্দকার ইব্রাহিম খালেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভুগোলে মাস্টার্স এবং আইবিএ থেকে এমবিএ করা খোন্দকার ইব্রাহিম খালেদ জন্মেছিলেন ১৯৪১ সালের ৪ঠা জুলাই, গোপালগঞ্জে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.