ব্রাহ্মণবাড়িয়ায় ৪ জনকে হত্যা : দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ায় এক গর্ভবতী নারীসহ চারজন হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

দুই আসামি হলেন সোহেল ও রাজীব। তারা নিহতদের আপন ভাইয়ের ছেলে। মামলার অপর আসামি পিয়াসকে (আত্মীয়) খালাস দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি পাঁচ আসামি বিচার শেষ হওয়ার আগেই মারা যান।

বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

২০০৫ সালে গর্ভবতী নারী ও তার আড়াই বছরের শিশু অর্না আক্তারকে হত্যা করে সিরাজুল ও তার সন্তানরা। পারিবারিক কোন্দলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

এরপর সাক্ষ্যগ্রহণ ও বিচার শেষে ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর সিরাজুলসহ আটজনের মৃত্যুদণ্ডের রায় দেন বিচারিক আদালত। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্যে মামলার রায়ের অনুলিপি ও ডেথরেফারেন্সসহ নথিপত্র আসে হাইকোর্টে। এরপর ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি নিয়ে ২০১২ সালে হাইকোর্ট আটজনেরই মৃত্যুদণ্ড বহাল রাখেন।

নয় বছর পর আজ আপিল বিভাগ ওই হত্যা মামলার রায় ঘোষণা করলেন। রায়ে কনডেম সেলে থাকা সোহেল ও রাজীবকে দ্রুত সাধারণ সেলে দেয়ারও নির্দেশ দেন আপিল বিভাগ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.