দীর্ঘদিন ধরে বিএনপির নেতৃত্বে স্বাধীনতার চেতনা বিরোধী অপশক্তি ইতিহাস বিকৃতি ঘটিয়েছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারো নেই ।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) নিজের সরকারি বাসভবনে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপিই কৃত্রিম বাধা তৈরি করছে। বিএনপি একদিকে নির্বাচন বিমুখ রাজনীতি, অপরদিকে অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রাখায় দেশের গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে।
সরকার নাকি মুক্তিযুদ্ধের ইতিহাস ইচ্ছেমত রচনা করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে তাদের নেতৃত্বে স্বাধীনতার চেতনাবিরোধী অপশক্তি যেভাবে ইতিহাস বিকৃতি ঘটিয়েছে, তার বিপরীতে নতুন প্রজন্ম এখন সত্যিকারের ইতিহাস জানতে পারছে।’
প্রশ্ন রেখে তিনি বলেন, ‘কারা মুক্তিযুদ্ধের মহানায়ককে সপরিবারে হত্যার বেনিফিশিয়ারি? কারা এদেশে খুনিদের বিচার চাওয়ার অধিকার হরণ করেছিল? তা নতুন প্রজন্ম জানতে পারছে বলে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপিই এদেশে স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক। বিএনপি মুখোশের আড়ালে স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের পৃষ্ঠপোষক।’
গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপিই কৃত্রিম বাধা তৈরি করছে মন্তব্য করে কাদের বলেন, ‘বিএনপির নির্বাচন বিমুখ রাজনীতি এবং অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রাখায় দেশের গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে।’

