২০ তারিখ আসছে টিকা, ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি

আগামী ২০ জানুয়ারি ভারত সরকারের দেওয়া করোনাভাইরাসের ২০ লাখ টিকা দেশে আসবে।

এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। টিকা ব্যবহারের অনুমতি চেয়ে ঔষধ প্রশাসনে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রাণলয়। আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য পাওয়া যায়।

জানা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার এ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে ভারত সরকার। স্বাস্থ্য ডিজি অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানান, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে টিকা উপহার দেওয়ার ব্যাপারে চিঠি দিয়েছে। এতে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ২০ লাখ টিকা দেওয়ার কথা বলা হয়েছে। ২০ তারিখে এই টিকা আসার কথা রয়েছে।

এর আগে আজ সকালে রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভারত বাংলাদেশকে কিছু ভ্যাকসিন উপহার হিসেবে দেবে বলে জানান। পাশাপাশি ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভারত থেকে ভ্যাকসিনের প্রথম লট আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাহিদ মালেক বলেন, ‘আমরা আশা করছি আগামী ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভ্যাকসিনের প্রথম লট চলে আসবে। ভারত সরকার আমাদেরকে কিছু ভ্যাকসিন উপহারস্বরূপ দেবে। সেটাও আমরা আশা করছি যেকোনো সময় চলে আসবে। এর পাশাপাশি অন্যান্য যারা টিকা তৈরি করছে যেমন- রাশিয়া, সানোফি, মর্ডানা, ফাইজারের সঙ্গে আলোচনা হয়েছে। ’

উপহার হিসেবে ভারত বাংলাদেশকে কী পরিমাণ ভ্যাকসিন দিচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত কী পরিমাণ ভ্যাকসিন দিচ্ছে সেটার সংখ্যা এখনই বলতে পারবো না। তবে সেটা বেশ ভালো পরিমাণ। অল্প সময়ের মধ্যে চলে আসবে। প্রথম লট পাওয়ার আগেও উপহারের ভ্যাকসিন চলে আসতে পারে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.