রাষ্ট্রপতির ভাষণের দিনই সংসদে ঢুকতে পারবেন সাংবাদিকরা

আগামী ১৮ জানুয়ারি থেকে জাতীয় সংসদের শীতকালীন ও চলতি বছরের প্রথম অধিবেশন শুরু হবে। এদিন বিকেল ৪টায় এ অধিবেশন শুরু হবে। রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। আর রাষ্ট্রপতির ভাষণের দিনই শুধু সাংবাদিকরা সংসদে প্রবেশ করতে পারবেন বলে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ১৫ জানুয়ারি সংসদের পক্ষ থেকে সংসদ সদস্য, সাংবাদিকসহ সবার করোনা টেস্ট করা হবে। সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের নমুনা নেয়া হবে। সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দিবেন। ইতোমধ্যে মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেয়া হয়েছে। ওইদিনই শুধু সাংবাদিকরা সংসদে প্রবেশ করতে পারবেন।

জানা যায়, গত ৬ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ১১তম অধিবেশন উপলক্ষে বৈঠক হয়। বৈঠকে সংসদ ভবনসহ সংসদ এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার, পানি ও বিদ্যুৎ সরবরাহসহ নানা বিষয়ে আলোচনা হয়।

এর আগে বিশেষ অধিবেশনসহ চলতি সংসদের গত ৪টি অধিবেশন স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হয়। প্রতি কার্যদিবসে ৭০-৮০ জন সংসদ সদস্যের উপস্থিতি নিশ্চিত করা হয়। করোনা ঝুঁকি এড়াতে মাঝখানে ফাঁকা রেখে আসন বিন্যাস করা হয়। সংসদ অধিবেশন চলাকালে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাস পরীক্ষা করিয়ে নেয়া হয়। এমনকি অধিবেশনে যোগদানের ক্ষেত্রে সংসদ সদস্যদের করোনা নেগেটিভ নিশ্চিত করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.