মাঘে শীতের তীব্রতা আরও বাড়বে

পৌষের শীতে শৈথিল্য থাকলেও মাঘ মাসের প্রথম দিন থেকেই ঢাকাসহ সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে। মৃদ্যু শৈত্যপ্রবাহ চলছে রংপুর বিভাগসহ দেশের অন্তত ৯টি জেলায়। অনেক অঞ্চলে ঘন কুয়াশার পাশাপাশি আকাশও কিছুটা মুখ ভার করে আছে। আগামী কয়েক দিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

শুক্রবার (১৫ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর বিভাগসহ টাঙ্গাইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলায় মৃত্যু শৈত্যপ্রবাহ চলছে।

আগামী ৩-৪ দিন এ শৈত্যপ্রবাহ চলবে। এসময়ে দেশের নদ-নদীর অববাহিকায় ঘন ও মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদফতর বলছে, শুক্রবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

পৌষের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বাড়লেও মাসের শেষ দিকে গেল কয়েকদিন শীত অনেকটাই কমে গিয়েছিল। তবে পৌষের একেবারে শেষ দিকে গেল বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বাড়তে থাকে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দিনাজপুরে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানিয়েছেন, আগামী রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে পুরো মাঘ মাসজুড়েই দেশে শীতের প্রকোপ থাকবে। এ মাসে কয়েক দফা শৈত্যপ্রবাহ আসতে পারে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.