গণ অভ্যুত্থানের মধ্যে দিয়েই এই দখলদার ভোট ডাকাত সরকারকে বিদায় করতে হবে : মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দেশ আজ চরম সঙ্কটে। সর্বগ্রাসী দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে সরকার। গুম, খুন, পুলিশি নির্যাতন এবং দলীয় ক্যাডার বাহিনী দিয়ে ভয়ের রাজত্ব কায়েম করেছে তারা।’

মঙ্গলবার রাজধানীর তোপখানাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য মনিরা বেগমের নাগরিক ঐক্যে যোগদান অনুষ্ঠানে তিনি এসব বলেন। এ সময় মাহমুদুর রহমান মান্না দলে নতুন যোগদান করা মনিরা বেগমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং বলেন, মনিরা বেগমের যোগদান নাগরিক ঐক্যকে সাংগঠনিকভাবে সমৃদ্ধ করবে।

মান্না বলেন, ‘বর্তমান সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার একমাত্র পথ গণ আন্দোলন। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়েই এই দখলদার ভোট ডাকাত সরকারকে বিদায় করতে হবে।’

মনিরা বেগম বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আপোষহীন নেতা মাহমুদুর রহমান মান্না। বর্তমান ক্ষমতাসীন দখলদারদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নাগরিক ঐক্যের ভূমিকার প্রশংসা করে তিনি সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব মুকুল, ডা. জাহেদ উর রহমান, সাকিব আনোয়ার, সাকিব আলী, আবু তালেব দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.