নদীতে ভেসে ওঠে লাশ, হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

খুলনায় শ্রী এগ্রো লিমিটেডের কর্মী গোবিন্দ সানা হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বিবেক মন্ডল, সৌগত রায় ও অরুনাভ রায়। তারা তিনজনই পলাতক রয়েছেন।

আদালত সূত্র ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানায়, ২০১৫ সালের ১৯ নভেম্বর রাত সাড়ে ৮টা থেকে ২১ নভেম্বর বেলা ২টার মধ্যে যেকোনো সময় শ্রী এগ্রো লিমিটেডের কর্মী গৌতম গোবিন্দাকে হত্যা করা হয়। এরপর তার লাশ গলায় ও কোমরে ইট বেঁধে ঢাকি নদীতে ফেলে দেওয়া হয়। ওই বছর ২২ নভেম্বর সকালে বাকি নদী থেকে ভাসমান অবস্থায় গোবিন্দর লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই কৃষ্ণপদ সানা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক কাজী মোস্তাক আহমেদ ২০১৬ সালের ১৯ জুন আদালতে তিনজনের নামে চার্জশিট দাখিল করেন। পরে ২০১৮ সালের ৫ জুলাই আদালতে এই মামলার শুনানির মধ্য দিয়ে চার্জ গঠন ও বিচার শুরু হয়।

বিচার চলাকালে আদালত এই মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সব শেষে আজ বৃহস্পতিবার বিচারক রায় ঘোষণা করেন। আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার আদেশ দিয়েছেন বিচারক।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন ও আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. মোরশেদ মামলাটি পরিচালনা করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.