আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি অন্ধকারে চোরাগলি খুঁজছে: কাদের

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের ওপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারে চোরাগলি খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে ওবায়দুল কাদের বলেন, মীমাংসিত বিষয় নিয়ে আপোস করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোনো বাধা দেবে না, তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

দলীয় নেতাকর্মীদের সাবধান করে ওবায়দুল কাদের বলেন, দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে। উন্নয়ন-অর্জনে কোনো লাভ হবে না, যদি দলে শৃঙ্খলা ফিরে না আসে। সাধারণ মানুষের সঙ্গে আচরণ খারাপ করে উন্নয়নকে ম্লান না করারও আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে ইতোমধ্যে যারা বিদ্রোহ করেছে কিংবা আবার নির্বাচিত বা পরাজিত হয়েছে তাদের আর দল থেকে মনোনয়ন দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দলে মনোনয়ন নিয়ে বাণিজ্য করা থেকে বিরত থাকতে নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ-পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি।

কোনো নেতিবাচক ঘটনায় দলের ও সরকারের ইতিবাচক অর্জনগুলো যেন ম্লান না হয় সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শিগগিরই বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা হবে। কোনো অবস্থাতেই লক্ষ্মীপুর পিছিয়ে থাকবে না, লক্ষ্মীপুরের লক্ষ্মী ফিরিয়ে আনা হবে।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাবেক মন্ত্রী শাহাজান কামাল, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়নসহ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.