সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত এসআই (বরখাস্তকৃত) আকবর হোসেন ভূঁইয়া বর্তমানে ৭ দিনের রিমান্ডে পিবিআই’র অধীনে আছেন। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাত ৯টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে রাত সাড়ে ৯টার দিকে পুনরায় তাকে নিয়ে যায় পিবিআই। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। রাত ১০টায় তিনি জানান, পিবিআই কর্মকর্তারা আকবর হোসনকে জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা শেষে তাকে পুনরায় নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
গত ৯ নভেম্বর কানাইঘাটের ডোনা সীমান্ত থেকে স্থানীয় সোর্সের মাধ্যমে এসআই আকবরকে গ্রেফতার করে জেলা পুলিশ। এরপর দিন ১০ নভেম্বর তাকে সাতদিনের রিমান্ডে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

