বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সাম্প্রতিক এই যে ধর্ষণ, এটা শুধু একজন মহিলাকে ধর্ষণ না, একটা গোটা বাংলাদেশকে ধর্ষণ, বাংলাদেশের গণতন্ত্রকে ধর্ষণ, বাংলাদেশের জনগণকে ধর্ষণ। এর ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই। বুধবার (৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, আমরা বাংলাদেশে বহু অপকর্ম দেখেছি, শুনেছি। কিন্তু এই যে এমসি কলেজে স্বামীর হাত থেকে স্ত্রীকে টেনে নিয়ে ধর্ষণ, বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে যে নির্মম নির্যাতন তা কখনো এ দেশে এর আগে দেখিনি। এগুলো কারা করেছে, তা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগের ছাত্রলীগের সোনার ছেলেরা এসব ঘটিয়েছে।
তিনি আরও বলেন, বেগমগঞ্জে নারীকে যে ধর্ষণ করেছে সেই ধর্ষকের বিরুদ্ধে এক বছর আগেই ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে, তার তো এখন জেলে থাকার কথা। তাহলে কী করে সে নতুন করে এ অপকর্ম করতে পারে।

