‘খালেদা জিয়ার রাজনীতিতে ফেরার সম্ভাবনা ক্ষীণ’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতিতে ফেরার সম্ভাবনা দেখছে না দলটির নেতারা। তাই দলের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে তাদের মনে। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে মানুষের মন থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। তাকে দলীয় প্রধানের পদ ছেড়ে উপদেষ্টা হিসেবে দলকে পরামর্শ দেয়ার আহ্বান তাদের। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন এমন খবর প্রকাশ করে।

অসুস্থতার পাশাপাশি আইনি বাধায় বেগম খালেদা জিয়ার রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর (বীর উত্তম) বলেন, ‘একজন Convicted (অপরাধী) এর তো রাজনীতি করার কোন এখতিয়ার নেই। এই Convicted (অপরাধী) লিগ্যাল হোক, ইলিগ্যাল হোক, গায়ের জোরেই হোক বা চাপিয়ে দেওয়া হোক। বর্তমান বিএনপি যেভাবে চলছে আমার শত ইচ্ছে থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়ার রাজনীতিতে ব্যাক করার সুযোগ খুবই কম।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, উনি (খালেদা জিয়া) যদি না ফিরতে পারেন তাতে কিছুই আসে যায় না। আমার মতে ওনার প্রধান উপদেষ্টা হয়ে যাওয়া উচিত। উনি যেহেতু জীবিত আছেন। আমি রাজনৈতিকভাবে বলছি। আমার ভয় হচ্ছে আমি দুঃখই পাবো যদি উনি হারিয়ে যান। উনি যেহেতু হারিয়ে যাওয়ার পথেই আছেন।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, এখন খালেদা জিয়া তো রাজনৈতিকভাবে পুরোপুরি নিষ্ক্রিয়। খালেদা জিয়া যেহেতু কারাদণ্ড ভোগ করছেন। কারাগারে থাকেন বা নিজের বাড়িতে থাকেন তিনি তো রাজনীতিতে অংশ নিতে পারছেন না এবং সেই দলে এমন কোন নেতাও নেই। তার ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রবাসী নেতৃত্ব দিয়ে তো দল চলে না। এটা এমন কোন বিপ্লবী পার্টি না যে বাইরে থেকে আপনি নির্দেশনা দিবেন আর এখানে দল চলবে কিন্তু এই দলটি আসলে বলা যায় যে, এখন নেতৃত্বশূন্য।

তিনি বলেন, যেহেতু খালেদা জিয়ার এখনও কারিশমা আছে। তিনি ইউনি ফাইন্ড ফ্যাক্টর। দলের মধ্যে নানারকম বিভাজন কোন্দল মতভেদ থাকলেও তাকে কেন্দ্র করে দলটি আছে। তিনি যদি দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকেন বা এরকম অবস্থায় থাকেন তাহলে তো দল চলবে না। যারা পরামর্শ দিয়েছেন তিনি উপদেষ্টা থাকেন, তিনি যদি দলের নীতিনির্ধারণী থেকে সরে যান তাহলে দলটি সুদূর ভবিষ্যতে পাঁচ টুকরো হবে। এতে কোন সন্দেহ নেই।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.