অস্ত্র ও চাঁদাবাজি মামলার সাক্ষ্য দিলেন নূর হোসেন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির ৩টি মামলায় আদালতে সাক্ষ্য গ্রহণ হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সাবিনা ইয়াসমিনের আদালতে সাক্ষীদের এ সাক্ষ্য গ্রহণ করা হয়।

এ সময় কাঠগাড়ায় আসামি নূর হোসেন, মো. আলি, জামাল ও সেলিম মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়াও নূর হোসেনের বড় ভাই নূর উদ্দিন, ভাতিজা শাহজালাল বাদলসহ জামিনে থাকা অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট (এপিপি) জেসমিন আহমেদ বলেন, সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাতখুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে গাজীপুর জেলার কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আদালতে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে পুনরায় কড়া নিরাপত্তার মধ্যে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় আদালতপাড়ায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

তিনি আরও জানান, এদিন আদালতে ২০১৪ সালে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা চাঁদাবাজির একটি ও অস্ত্র ২টি মামলায় নূর হোসেনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ব্রাঞ্চ সহকারী জাহাঙ্গীর হোসেন সরকার জানিয়েছেন, নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় আজ চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আগামী ১২ নভেম্বর।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘বেলা ১১টার দিকে নূর হোসেনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে পুনরায় গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যার দায়ে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এরপর থেকে নূর হোসেন কারাগারে বন্দি রয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.