সোশ্যাল মিডিয়ায় অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে বলে জনিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১৪ অক্টোবর) নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সামাজিক অস্থিরতা বাড়ানোর জন্য অনেক তথ্য আসছে, সেগুলোর সত্যতার ঘাটতি রয়েছে বা অপপ্রচার হচ্ছে। আমাদের নিয়মিত নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মিথ্যা খবর প্রচারিত হচ্ছে। আদালতের রায় নিয়েও সমালোচনা করা হচ্ছে। বিভিন্ন কায়দায় একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য মিথ্যা-অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য।’
তিনি আরও বলেন, ‘আমাদের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ডিপার্টমেন্ট রয়েছে। সব সময় মনিটর করছে, কে করছে, কোথা থেকে আসছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সেখানে কাজ করছে। ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলেও তিনি জানিয়েছেন।
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ফেসবুক অথরিটির সঙ্গে আমাদের মাঝে মাঝেই বসা হচ্ছে। ফেসবুক আমাদের নিশ্চয়তা দিয়েছে, তারা আমাদের সহযোগিতা করবেন। অপপ্রচার যাতে বন্ধ হয় সেই বিষয়ে ব্যবস্থা করার জন্য বলছি।’
এর আগে গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) এ ঘটনায় জড়িত ব্যক্তিদের হুশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

