ক্রসফায়ারে একজন মেজরের মৃত্যুকে নিয়ে উত্তাল নিউজফিড৷ ওই অঞ্চলে গত দুই বছরে কতজনের মৃত্যু হয়েছে বিচার বহির্ভুত ভাবে, কেউ কি জানেন ? মেরিন রোড পরিচিতি পেয়েছে কি নামে সেটা কি জানেন ?
মেজর না হয়ে সাধারণ অচেনা মানুষ হতেন, তাহলে খুব বেশী হলে ভিতরের পাতার চিপায় ছোট্ট একটা খবর হত। আমাদের অনেকেই যারা মেজর হত্যাকান্ডে সরব তারা এটার খবরও রাখতেন না ৷ আর জাষ্টিফাই লীগের সদস্যরা জানলে সাফাই বক্তব্য দিতেন ,এদের এভাবেই শাস্তি হওয়া দরকার ৷
র্যাব গঠন হওয়ার পর থেকে, যে সব কারনে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে তার কোনটা সমাজ থেকে নির্মুল হয়েছে ! আলোচ্য অঞ্চলে ইয়াবা চোরাচালানে কারা জড়িত , কে মূল হোতা এই কথাটা কে জানেননা ? তার ক্যারিয়ারদের ক্রসফায়ারে মৃত্যু হয়েছে , কিন্তু সে যেমন আরো শক্তিশালী হয়েছে তেমনভাবে তার ব্যবসারও বিস্তৃতি হয়েছে ৷
একজন প্রশিক্ষিত সেনা অফিসারের মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায়না ৷ তার সফরসঙ্গী সবচাইতে ভাল সাক্ষী এই কেসের ৷
সে কি নির্ভয়ে সব কিছু বলতে পারবে তদন্ত কমিটির কাছে ৷ এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে মনের ভিতর।
যত দিন যাবে ,হারিয়ে যাবে এটি , অন্য আর দশটা ঘটনার মত ৷
তনুর হত্যাকান্ড কেউ বললে মনে পড়ে ৷ সাগর-রুণীর হত্যার চার্জশীট দাখিলের তারিখ পেছানতে সেঞ্চুরী করবে অচিরেই ৷ তদন্ত কমিটি কাজ করছে কি না, তার জন্য আরও একটি তদন্ত কমিটি করার নজীর নেই ৷
শাসক দলের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিনা বিচারে হত্যাকান্ড বন্ধ করার ৷ অন্য আর দশটা রাজনৈতিক বুলির মত এটাও নির্বাসনে ৷ ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর বিএনপি বুঝেছে ৷ আপনারা যখন ক্ষমতায় থাকবেননা তখন বুঝবেন ক্রসফায়ার কত নির্মম, কত জঘন্য ৷
আমি কোনভাবেই,কোন যুক্তিতেই ক্রসফায়ারের পক্ষে নই ৷ তাই ভাল ক্রসফায়ার আর মন্দ ক্রসফায়ারের ফেরীওয়ালারা এখানে এসে জ্ঞান দিবেন না ৷
মানবিক দেশ গঠনের জন্য ঐক্যবদ্ধ হোন। লড়াইটা সামনেই ৷
ইফতেখার আহমেদ বাবু
রাজনৈতিক বিশ্লেষক ।

