পানিতে থৈ থৈ মা ও শিশু হাসপাতাল! দুর্ভোগ চরমে

প্রতি বছরের ন্যায় এবারও রক্ষা হলো না চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের। সেই বৃষ্টি এবং জোয়ারের পানিতে আবারও হাসপাতালের নিচতলা হাঁটু পানিতে জমে গেল।

সোমবার সকাল থেকেই ধীরে ধীরে হাঁটু পানিতে জমে উঠছে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালটিতে। এক পর্যায়ে হাসপাতালের ভেতরে পানি থৈ থৈ করে। ফলে শিশু বিকাশ কেন্দ্র, জেনারেল ওয়ার্ড, বহির্বিভাগ ও প্রশাসনিক কার্যালয় বন্ধ করে উপরে কার্যক্রম চালানো হচ্ছে।

তাছাড়া টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। নগরীর কয়েকটি এলাকার বাসিন্দা জলাবদ্ধতায় আটকে ছিল টানা ৪ ঘণ্টারও বেশী। তাছাড়া নগরীর গুরুত্বপূর্ণ এলাকা মা ও শিশু হাসপাতাল, আগ্রাবাদ, হালিশহর, রামপুর, শুলকবহর, কাপাসগোলা, সিডিএ আবাসিক এলাকা, বহদ্দারহাট, ২নং গেইট, মুরাদপুরসহ কয়েকটি এলাকা হাটুঁ পানির নিচে তলিয়ে যায়। এসব সড়কগুলোতে বড় বড় গর্ত আর কাদাপানি মাড়িয়ে ছোট-বড় যানবাহন চলছে। কখনো ছোট গাড়ি বিকল হয় গর্তে পড়ে যায়। এসব সড়কে তীব্র ঝাকুনির কারণে যাত্রীরা সীমাহীন কষ্টে এবং অসুস্থ রোগী নিয়ে যাত্রীরাও রীতিমতো অসহায় হয়ে উঠেন।

অন্যদিকে ভারী বর্ষণে ভূমিধসের শঙ্কায় নগরের সরকারি ও বেসরকারি মালিকানাধীন ১৭টি পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করা লোকজনকে সরে যেতে মাইকিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও সংগঠক মোরশেদ হোসেন বলেন, জোয়ারের পানিতে নিচতলা ডুবে গেছে। প্রতিদিনই দুবার করে পানি ঢুকছে। চিকিৎসকরা উপরের তলায় বসে চিকিৎসা দিচ্ছেন। রোগীদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, যেহেতু নিয়মিত এ এলাকায় পানি উঠে, তাই বর্ষা আসলে আমরা বিকল্প ব্যবস্থা করি। পানি উঠার কারণে চলাফেরায় কিছুটা সমস্যা হলেও রোগীদের চিকিৎসাসেবা দেয়ার জন্য সবোর্চ্চ চেষ্টা করে যাচ্ছে বলে জানান তিনি।

হাসপাতালের একজন ওয়ার্ড মাস্টার বলেন, পানি ওঠার কারণে নিচতলার রোগীদের উপরের বিভিন্ন ওয়ার্ডে নেওয়া হয়েছে। হাঁটার জন্য উঁচু বেঞ্চ বসানো হয়েছে। নিচতলার আসবাবপত্র সরিয়ে নেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তা চৌধুরী মামুন নামে একজন স্থানীয় বাসিন্দা বলেন, সোমবার সকালে মা ও শিশু হাসপাতালের নিজ তলাসহ আগ্রাবাদ এলাকাটি হাঁটু পানির নিচে দেখা গেছে। তাই সকাল থেকে বাসায় বসে ছিলাম। পরে বাধ্য হয়ে পানিতে ভিজে বের হয়েছি। হাসপাতালে রোগীরা অনেক কষ্টে ভেতরে ঢুকতে হচ্ছে। জোয়ারের পানিতে মূলত আগ্রাবাদ ও আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিচতলা পানিতে তলিয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

আবহাওয়া অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীতে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। রবিবার রাত থেকে গতকাল সোমবারও থেমে থেমে বৃষ্টির কারণে নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এসব বৃষ্টি আরো কয়েকদিন চলতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ, দক্ষিণ পূর্ব দিকে থেকে ঘণ্টায় ১২-১৫ কিলোমিটার বেগের বাতাস ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ বলেন, সোমবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। সাগর কিছুটা উত্তাল থাকায় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া নদী বন্দরে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম জাকারিয়া বলেন, ভূমিধসের শঙ্কায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা লোকজনকে সরে যেতে মাইকিং করা হচ্ছে। সোমবার বিকেলের মধ্যে পাহাড় থেকে লোকজন স্বেচ্ছায় সরে না গেলে এবং বৃষ্টি অব্যাহত থাকলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.