চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের সিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে সুমন আলী নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত সুমন আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়ল পাড়া গ্রামের কালু মন্ডলের ছেলে।

শিবগঞ্জ উপজেলার সিংনগর-মাসুদপুর সীমান্তের মাঝামাঝি ১৭৯ নম্বর সীমান্তের কাছে রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সুমন আলীসহ ১০-১২ জনের একটি দল রবিবার সন্ধ্যার দিকে ভারতে গরু আনতে যাচ্ছিল। এ সময় ভারতের দৌলতপুর ও শোভাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা টহল দেয়ার সময় গুলি করে। গুলিতে আন্তর্জাতিক পিলার ১৭৯-এস সংলগ্ন হারুনের বাগানের সামনে সুমন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে তার সহযোগীরা সুমনের লাশ উদ্ধার করে গোপনে দাফন করে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুরুজ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছেন, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, সন্ধ্যার দিকে এক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া গেছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.