২৪ ঘণ্টায় ভারতে ৪৫৭২০ নতুন সংক্রমণ, মৃত্যু ১১২৯

লাফিয়ে লাফিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যে ভাবে বাড়ছে, তা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের আধিকারিক থেকে চিকিৎসকদের। বৃহস্পতিবার ভারতে মোট আক্রান্ত আক্রান্ত ১২ লক্ষ ছাড়াল। ৩৯-৪০ হাজার করে দৈনিক বৃদ্ধির পর গত দু’দিন ৩৭ হাজারের গণ্ডিতে বাড়ছিল করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সেই বৃদ্ধি এক লাফে বেড়ে প্রায় ৪৬ হাজার হল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের  পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭২০ জন নতুন করে সংক্রমিত হয়েছেন, একদিনে বৃদ্ধির নিরিখে যা এখনও অবধি সর্বোচ্চ। এ নিয়ে ভারতে  মোট আক্রান্ত হলেন ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫ জন।

আক্রান্তের পাশাপাশি সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। প্রতি দিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট কোভিড পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ১৩.৩ শতাংশ।

আক্রান্তের পাশাপাশি ধারাবাহিক ভাবে মৃত্যু বেড়ে ২৯ হাজারের ঘর ছাড়িয়ে গেল। গত এক মাসে দৈনিক মৃত্যু ছিল ৫০০ থেকে ৬৫০-র গণ্ডিতে। বৃহস্পতিবার তা লাফ দিয়ে হাজার ছাড়াল! কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের  পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে এক হাজার ১২৯ জনের। এ নিয়ে দেশে মোট ২৯ হাজার ৮৬১ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস।

এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১২ হাজার ৫৫৬ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ গিয়েছে তিন হাজার ৭১৯ জনের। তিন হাজার ১৪৪ জনের প্রাণহানি নিয়ে মৃত্যু-তালিকার তৃতীয় স্থানে তামিলনাড়ু। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৫১৮ জনের। গুজরাতে দু’হাজার ২২৪ জন প্রাণ হারিয়েছেন করোনার কারণে। কর্নাটক (১,৫১৯), উত্তরপ্রদেশ (১,২৬৩) ও পশ্চিমবঙ্গে (১,২২১) মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে রোজদিন বেড়েই চলেছে। এর পর ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ (৮২৩), মধ্যপ্রদেশ (৭৭০), রাজস্থান (৫৮৩), তেলঙ্গানা (৪৩৮), হরিয়ানা (৩৭২), জম্মু ও কাশ্মীর (২৭৩), পঞ্জাব (২৬৯), বিহার (২১৭, গত দু’দিন অপরিবর্তিত) ও ওড়িশা (১০৮)। বাকি রাজ্যগুলিতে মৃতের সংখ্যা এখনও ১০০ পেরোয়নি। তবে শেষ ক’দিনে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে দৈনিক মৃত্যু সংখ্যার বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.