“অমানিশা কেটে উদ্ভাসিত হোক সোনালী সম্ভাবনা, ধরিত্রী বন্ধনা জাগ্রত করুক সজীব সঞ্চালনা”এই চেতনায় সোয়েব মোজাম্মেল এর উপস্থাপনায় গত ২৬ জুলাই রবিবার ২০২০, সন্ধ্যা ৬.৩০ টায় করোনাকালীন দুর্যোগের দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হলো “কবিতায় আড্ডা” ফ্রান্স এর নিয়মিত আয়োজন।

কবি রজনীকান্ত সেন এর জন্মদিন উপলক্ষে কবির লেখা কবিতা, সংগীত পরিবেশনের পাশাপাশি সম্প্রীতি, করোনা মহামারী, বর্ণ বৈষম্য নিয়ে আলোচনা ও স্বরচিত ছড়া, কবিতা আবৃত্তি করেন উপস্থিত ছড়াকার, কবিরা। এছাড়াও আড্ডায় ফ্রান্স ‘র নিয়মিত বাকশিল্পীরাও বিভিন্ন কবির কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানের শুরুতে করোনা সংকট থেকে উত্তরণ, সকলের সুস্বাস্থ্য ও সুন্দর আগামীর প্রত্যাশা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্কৃতি অনুরাগী হাসনাত জাহান। সমাপনী বক্তব্য রাখেন আবৃত্তি কর্মী ও লেখক গোলাম মোর্শেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সায়কা মাহমুদ, শাহূপরান আহমেদ অয়ন, সাখাওয়াত হোসেন হাওলাদার, কবি বদরুজ্জামান জামান, ছড়াকার লোকমান আহম্মদ আপন, আবৃত্তি কর্মী সাইফুল ইসলাম, কবি হায়দার, সংগীত শিল্পী কাকলী মুনীর ও নৃত্য শিল্পী শরীফুল ইসলাম প্রমুখ। কবিতায় আড্ডা’র সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাকিবুল ইসলাম ।
রাকিবুল ইসলাম। প্যারিস থেকে /শুদ্ধস্বর

