কতদিন হলো
মন ভরে আকাশ দেখিনা
বৃষ্টির আদরে আর সিক্ত করিনা নিজেকে
কাঠ গোলাপের হাটে আর হয়না আবৃত্তি
প্রিয় কোন প্রেমের কবিতা,
সুপ্রিয় কদম ফুলের কোমল ছোঁয়ায়
সেই কবে থেকে ভরে ওঠেনা কবির হৃদয়,
শিশির মাখানো সবুজ মেঠো পথে
হাঁটা হয়ে ওঠেনা সুদীর্ঘ কাল
লেংটা কালের বন্ধুরা আসেনাতো আর
জননী নদীর তীরের ছাতিম তলায়
কমলা পিসির বাড়িতে বানানো রসূনে
ভাজা মুড়ি আর পেঁয়াজ মরিচ এবং
চানাচুর দিয়ে মাখানো অমৃত খাওয়া
হয়না সেই কবে থেকে।
অল্প দূরে বাড়ির পাশের
সেই বিশাল পুকুর পাড়ে বসে
মাছ ধরা হয়না এখন,
হয়নাতো আর চাঁদনী রাতের
পুকুর ঘাটের সেই বন্ধুদের নিয়ে
গানের আসর।
লক ডাউনের বিশাল থাবায়
বন্দী সবাই নিজের ঘরেই
নিজের ঘরেই নির্বাসিত
নিজের ভেতর পরবাসী।

