ফেনীর সোনাগাজী উপজেলায় দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের রাস্তার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত নিজাম উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যম মুসাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে- এমন খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা একজনের লাশ পাওয়া যায়। এ ছাড়া ঘটনাস্থলে একটি হাতে তৈরি অস্ত্র ও গুলিও পাওয়া যায়। পরে মৃতদেহ ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
তিনি জানান, নিহত নিজাম উদ্দিন ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ৭টি মামলা রয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ডাকাতি করতে এসে আধিপত্য বিস্তার ও বিরোধের জের ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে।

