বগুড়ায় ট্রাকের ধাক্কায় স্বর্ণ শ্রমিক ইউনিয়ন নেতা নিহত

বগুড়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক স্বর্ণ শ্রমিক ইউনিয়ন নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার রাতে শহরতলির গোকুলে ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল হোসেন বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়ার মৃত বুলু মিয়া সরদারের ছেলে। তিনি জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক।

আহত মাহফুজার রহমানকে (৪৫) স্থানীয় রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাহফুজুর রহমান ওই সংগঠনের সভাপতি।

এলাকাবাসী জানান, ব্যবসায়িক কাজে সোনাতলা উপজেলায় গিয়েছিলেন দুই স্বর্ণ শ্রমিক ইউনিয়নের নেতা। সেখান থেকে মঙ্গলবার রাতে দুজন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

রাত সাড়ে ১০টার দিকে শহরতলির গোকুল এলাকায় ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রের কাছে পৌঁছলে একটি ট্রাক পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল হোসেন মারা যান।

সদর থানার এসআই খোরশেদ আলম রবি জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ও আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.