পুরান ঢাকার ন্যাশনাল ব্যাংকের টাকা চুরির সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া উদ্ধার করা হয়েছে ৬০ লাখ টাকা ও দুটি আগ্নেয়াস্ত্র।
সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হান্নান ওরফে রবিন ওরফে রফিকুল ইসলাম (৫০), মো. মোস্তাফা (৫২), মো. বাবুল মিয়া (৫৫) ও পারভীন (৩১)।
গোয়েন্দা পুলিশের উপকমিশনার রাজীব আল মাসউদ জানান, চুরি যাওয়া ৮০ লাখ টাকার মধ্যে বাকি টাকা উদ্ধারের জন্য অভিযান চলছে।
গত ১০ মে পুরান ঢাকার ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে টাকা সংগ্রহ করে মতিঝিলে ফিরছিল ন্যাশনাল ব্যাংকের একটি গাড়ি। চালকের পাশাপাশি একজন কর্মকর্তা এবং দুজন নিরাপত্তাকর্মী ছিলেন ওই গাড়িতে।
পুরান ঢাকার বাবুবাজার আসার পর গাড়ির একজন নিরাপত্তাকর্মী দেখতে পান ৮০ লাখ টাকার একটি ব্যাগ গাড়িতে নেই।
ওই ঘটনায় ন্যাশনাল ব্যাংকের এক কর্মকর্তা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

