ত্রাণে অনিয়ম: আরও দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নগদ অর্থ সহায়তা কর্মসূচির উপকারভোগীদের তালিকা প্রণয়ন এবং উপকারভোগীদের বিজিডি কার্ড জালিয়াতির অভিযোগে দুই জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।

স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়মের জন্য গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুর রহমান চৌধুরী এবং বিজিডি চাল বিতরণ না করে ভুয়া স্বাক্ষর গ্রহণ, উপকারভোগীদের বিজিডি কার্ড অসৎ উদ্দেশ্যে নিজের কাছে জমা রাখাসহ বিভিন্ন অভিযোগে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ২নং আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা ফয়সালকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

সাময়িকভাবে বরখাস্তকৃত সদস্যদের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০২ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হল। এদের মধ্যে ৩২ জন ইউপি চেয়ারম্যান, ৬৪ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর এবং ১ জন উপজেলা ভাইস-চেয়ারম্যান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.