সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বলিউডে একাধিক তারকাকে দায়ী করা হয়। মূলত সুশান্তের অবসাদের নেপথ্যে একাধিক পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রীর সক্রিয় ভূমিকা রয়েছে এই অভিযোগ তুলতে থাকেন অনেকে।
ইতিমধ্যেই সালমান খান সহ আটজনের নামে মামলা দায়ের করেছেন এক আইনজীবী। এবার বলিউডের ‘দাবাং’ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন প্রয়াত অভিনেত্রী জিয়া খানের মা।
সুশান্ত এর মতোই হঠাৎ করেই নিজের জীবন শেষ করে দিয়েছিলেন অত্যন্ত প্রতিভাময়ী অভিনেত্রী জিয়া। তার আত্মহত্যার তদন্ত করতে গিয়ে নাম জড়ায় অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলি’র। পরবর্তী সময়ে অবশ্য জামিনে ছাড়া পান সুরজ পাঞ্চোলি।
ঠিক সেই সময় ২০১৫ সালে সিবিআই–এর তরফে বিদেশ থেকে ডেকে পাঠানো হয় জিয়ার মাকে। সেই প্রসঙ্গে এদিন অভিনেত্রী’র মা বলেছেন, তাকে বিদেশ থেকে ডেকে পাঠানো হয় সালমানের চাপে। সালমান নাকি তদন্তকারী অফিসারদের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছেন যাতে সুরজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। তার জন্য মোটা টাকা দিতেও প্রস্তুত সালমান।
প্রসঙ্গত, সালমান খানের প্রযোজনা সংস্থার মাধ্যমেই বলিউডে পা রাখেন সুরজ। সুনীল শেঠির মেয়ের বিপরীতে ‘হিরো’ ছবিতে ডেবিউ করেন সুরজ। আর সেই সময় জিয়া খানের মৃত্যুর ঘটনায় তার নাম জড়ায় ছবিতে অভিনয় করা অনিশ্চিত হয়ে গিয়েছিল আদিত্য পুত্রের।
তাই সালমান তদন্তকারীরা অফিসারদের ক্রমাগত চাপ দিচ্ছিলেন বলে জানান জিয়ার মা।
সেই সময় দিল্লির উচ্চ পদস্থ তদন্তকারী অফিসারদের কাছে জিয়ার মা রাবিয়া খান অনুরোধ জানিয়েছিলেন অর্থ ও ক্ষমতার চাপে তার মেয়ের মৃত্যুর ঘটনার তদন্ত যেন চেপে না থাকে। এদিন সেই ঘটনার কথা বলেই সংবাদমাধ্যমের মাধ্যমে রাবিয়া খান বলিউডের ও ভারতের শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে বলিউডে চলা স্বজনপোষণ ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আবেদন জানান।
সালমান খান ও তার পরিবারের বিরুদ্ধে বিষ্ফোরক মন্তব্য করেন ‘দাবাং’ ছবির পরিচারক অভিনব কাশ্যপ। তাকে খুনের চক্রান্ত থেকে বলিউডে কাজ কেড়ে নেওয়ায় খান ভাইদের নিশানা করেছেন অভিনব।

