ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ঢাকামুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত ও আটজন আহত হন। বুধবার (২৭ মে) সকাল সাড়ে সাতটার দিকে গজারিয়ার উপজেলার বাউশিয়া দাউদকান্দি সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। তারা কক্সবাজার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক। নিহতরা হলেন, মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ কাফি (৩৫), আব্দুল কুদ্দুসের ছেলে আলম বাদশা (২৫) ও ইদু মিয়ার ছেলে ইমরান (২২)। তারা গাইবান্ধা জেলার নিবাসী।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার এ খবর নিশ্চিত করেন জানান, আহতদের চারজন গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে কিন্তু, বাকি চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালক পলাতক আছে। মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে আছে। মোঃ কাফি ও আলম বাদশা বাড়ি গাইবান্ধার সাঘাটায় এবং ইমরানের বাড়ি গাইবান্ধা সদরে। এরা সবাই কক্সবাজার মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক। কক্সবাজার থেকে মাইক্রোবাসে করে গাইবান্ধার সাঘাটা এলাকায় ফিরছিল।

